Dailyhunt
"বক্তব্য শুনতে নয়, তৃণমূলকে জেতাতে এসেছে মানুষ", বারাবনির সভায় জয়ের ব্যাপারে নিশ্চিত অভিষেক

"বক্তব্য শুনতে নয়, তৃণমূলকে জেতাতে এসেছে মানুষ", বারাবনির সভায় জয়ের ব্যাপারে নিশ্চিত অভিষেক

Bangla Jago TV 2 weeks ago

Bangla Jago Desk: শনিবার দুপুরে আসানসোলের বারাবনিতে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রখর রোদ উপেক্ষা করে মানুষের ভিড় দেখে তিনি দাবি করেন, এই জনসমাগম কেবল তাঁর বক্তব্য শোনার জন্য নয়, বরং মানুষ ইতিমধ্যেই তৃণমূলকে জেতানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

বারাবনির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে অভিষেক বলেন, 'এখানকার প্রার্থীর আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। তিনি তিনবারের বিধায়ক, তাঁর বাবাও দলের একনিষ্ঠ বিধায়ক ছিলেন।' বিধান উপাধ্যায়কে 'বিধায়ক' নয়, বরং সাধারণ মানুষের 'দাদা ও ভাই' হিসেবে অভিহিত করে অভিষেক দাবি করেন, বছরভর মানুষের পাশে থাকাই তাঁর জয়ের প্রধান হাতিয়ার। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি আহ্বান জানান, বারাবনিতে বিজেপিকে এমনভাবে হারাতে হবে যাতে আগামী ১০০ বছর তারা এখানে মাটি খুঁজে না পায়।

অন্যদিকে, বিজেপি প্রার্থী অরিজিৎ রায়কে তীক্ষ্ণ ভাষায় বিঁধেছেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খোদ নিজের দলের কর্মীদেরই মারধর ও খুনের হুমকির মামলা রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিজেপি জিতলে বারাবনিতে ফের 'দুষ্কৃতিরাজ' ফিরে আসবে। জেলা বিজেপি কার্যালয় কয়লা মাফিয়াদের ডেরা হয়ে উঠেছে বলেও তিনি গুরুতর অভিযোগ তোলেন।

এদিনের সভা থেকে গত কয়েক বছরে বারাবনি ও আসানসোল শিল্পাঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের করা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক। নতুন জেলা গঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক পরিকাঠামো তৈরির কথা মনে করিয়ে দেন তিনি। পাশপাশি, বারাবনির খনি ও কারখানায় কর্মরত শ্রমিকদের সিলিকোসিস রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বড় প্রতিশ্রুতি দেন। অভিষেক জানান, সিলিকোসিস পরিচয়পত্র থাকা রোগীদের জন্য হাসপাতাল ও যানবাহনে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV