Bangla Jago Desk: বঙ্গের বিধানসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ ব্যবহার করা যাবে না বলে কড়া নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে নির্দেশের কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবের কাছেও।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের তিন দিন আগে থেকে ভোটগ্রহণের এক দিন পর পর্যন্ত কোনওভাবেই সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে ইউনিফর্ম পরে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত করা যাবে না। নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের সম্পূর্ণভাবে বাইরে রাখার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই ধরনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনেও সেই নির্দেশ বহাল রাখা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনওরকম পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র অনুমোদিত নিরাপত্তা বাহিনী ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমেই ভোট প্রক্রিয়া পরিচালনা করতে চায় কমিশন। ইতিমধ্যেই বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনার মধ্যে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে, নির্বাচনকে ঘিরে কড়াকড়ি আরও বাড়াল নির্বাচন কমিশন।

