Bangla Jago Desk: আদিগঙ্গার দীর্ঘদিনের দূষণ সমস্যা মেটাতে এ বার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিল কলকাতা পুরসভা। নদী সাফাই অভিযানে নামানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। বেঙ্গালুরুর একটি সংস্থার তৈরি এই রোবট ব্যবহারের ফলে ইতিমধ্যেই আদিগঙ্গা থেকে প্রায় ১৮.৫ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে, যার একটি বড় অংশ পুনর্ব্যবহারযোগ্য।
পুরসভা সূত্রে খবর, আদিগঙ্গার মতো সংকীর্ণ ও অগভীর জলপথে সাফাই চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে 'ক্লিয়ারবট ক্লাস-টু' মডেলের এই রোবটটি। সম্পূর্ণ বিদ্যুৎচালিত এই স্বয়ংক্রিয় জলযানটি অত্যন্ত কম লোকবল ব্যবহার করে নিয়মিত প্লাস্টিক, থার্মোকল ও অন্যান্য ভাসমান বর্জ্য সরিয়ে ফেলতে সক্ষম। শুধু বর্জ্য অপসারণই নয়, এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো নদীকে প্লাস্টিকমুক্ত করা এবং মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রোবটের মাধ্যমে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করার ফলে জলে সূর্যালোক পৌঁছানো এবং অক্সিজেনের আদান-প্রদান সহজ হচ্ছে। এর ফলে জলের প্রবাহ যেমন বাড়ছে, তেমনই মশার বংশবিস্তার রোধ করাও সম্ভব হবে। সংগৃহীত বর্জ্যের প্রায় ৩০ শতাংশ পুনর্ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য একটি বেসরকারি সংস্থাকে।
কলকাতা পুরসভা এই উদ্যোগকে আপাতত একটি 'পাইলট প্রজেক্ট' হিসেবে দেখছে। আদিগঙ্গার এই মডেলে সাফল্য মিললে আগামী দিনে শহরের অন্যান্য খাল এবং শিল্পাঞ্চলের নদী ও জলাশয় সাফাইয়ের কাজেও এই রোবটিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। মূলত বর্জ্যমুক্ত নির্মল জলপথ গড়ে তুলতেই এই উদ্ভাবনী পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

