Bangla Jago Desk: মহারাষ্ট্রে 'লড়কি বহিন যোজনা'র ভবিষ্যৎ নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোরের মাঝেই এবার এক চাঞ্চল্যকর সরকারি তথ্য সামনে এল। জানা গিয়েছে, রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে চালু হওয়া এই জনপ্রিয় প্রকল্প থেকে এক ধাক্কায় বাদ পড়েছেন প্রায় ৮০ লক্ষ মহিলা। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রকল্পটির কাজ যথারীতি চালু থাকলেও নতুন করে ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বাড়ানো কিংবা এই তালিকায় নতুন কোনও সুবিধাভোগী যুক্ত করার কোনও পরিকল্পনা আপাতত প্রশাসনের নেই।
মহারাষ্ট্রের এনডিএ (NDA) সরকারের চালু করা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। পূর্বে এই সরকারি প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীর সংখ্যা ছিল প্রায় ২.৪৬ কোটি। তবে সরকারের সাম্প্রতিক কঠোর স্ক্রুটিনির জেরে প্রায় ৮০ লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ পড়ায় বর্তমানে এই সুবিধাভোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১.৬৬ কোটিতে। মূলত অযোগ্য আবেদনকারীদের চিহ্নিত করতেই রাজ্যজুড়ে নতুন করে নথি যাচাই ও বাধ্যতামূলক ই-কেওয়াইসি প্রক্রিয়া চালু করেছিল সরকার। যার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত মহিলাদের ই-কেওয়াইসি এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে, তাঁরা আর নতুন করে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের এক ঊর্ধ্বতন আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুবিধাভোগীদের ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এর আগে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, তাই নতুন করে এর সময়সীমা বাড়ানোর কোনও প্রশ্নই ওঠে না। তা ছাড়া, বর্তমানে নতুন করে আর কোনও সুবিধাভোগীকে এই তালিকায় যুক্ত করার বিষয়েও সরকারের অন্দরে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি রিপোর্ট অনুযায়ী, অযোগ্যদের ছেঁটে ফেলার যে বিশেষ উদ্যোগ প্রশাসন নিয়েছিল, তার জেরেই এই ৮০ লক্ষ ভুয়ো ও অযোগ্য নাম বাদ দেওয়া সম্ভব হয়েছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, বাদ পড়া আবেদনকারীদের বেশিরভাগই ভুল নথি বা অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছিলেন। এমনকি বহু ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার চেয়ে অনেক বেশি থাকা সত্ত্বেও অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছিল, যা তদন্তের পর বাতিল করা হয়েছে।
অন্য দিকে, মহারাষ্ট্রের এই পরিস্থিতির মাঝেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার বদলের পর এখানেও মহিলাদের আর্থিক সহায়তামূলক প্রকল্প নিয়ে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে চলা জনপ্রিয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পটির নাম ও রূপ বদলে বর্তমান নতুন বিজেপি সরকার চালু করেছে 'অন্নপূর্ণা ভাণ্ডার'। তবে এই নতুন প্রকল্প রূপায়ণের শুরুতেই ইতিমধ্যেই প্রায় সাড়ে ৫ লক্ষ আবেদনকারীকে অযোগ্য বলে ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের এবার একটি দীর্ঘ ১৩ পাতার জটিল ফর্ম পূরণ করতে হচ্ছে, যেখানে পরিবারের মোট আয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণের পাশাপাশি আরও একাধিক ব্যক্তিগত ও পারিবারিক তথ্য জানতে চাওয়া হয়েছে। সরকারি এই নতুন ফর্মের জটিলতা এবং কড়াকড়িকে কেন্দ্র করে ইতিমদ্ধেই বাংলার সাধারণ মহিলাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বাড়তে শুরু করেছে।

