Bangla Jago Desk: ভোট গণনার আগের দিন রাজ্য পুলিশ প্রশাসনে এক নজিরবিহীন অস্থিরতা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র কালীঘাটে আবারও বদলে ফেলা হল থানার ওসি (Officer-in-Charge)। গত ৩৬ দিনে এই নিয়ে চতুর্থবার কালীঘাট থানার ওসি বদল করা হল, যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
শনিবার গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে আনা হলেও, ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল করে রবিবার বলাই বাগকে কালীঘাট থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। লালবাজারের এই আচমকা সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ধন্দ আরও বেড়েছে।
কেন এই ঘনঘন রদবদল? সূত্রের খবর, গত শুক্রবার রাতে কালীঘাটের প্রাক্তন ওসি গৌতম দাসের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, গৌতম দাস উর্দি পরা অবস্থায় নিজের চেয়ারে বসে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিয়েছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'নতুন দায়িত্বের জন্য প্রস্তুত'। যদিও ছবির সত্যতা Bangla Jago TV যাচাই করেনি। তৃণমূলের দাবি, এই ছবি অত্যন্ত আপত্তিকর এবং পুলিশি শিষ্টাচার বহির্ভূত। তৃণমূলের তরফে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি লিখে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। এরপরই লালবাজার তড়িঘড়ি গৌতম দাসকে সাসপেন্ড করে।
তৃণমূলের অভিযোগের পরই শনিবার গৌতমকে সরিয়ে উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাটে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সেই নির্দেশিকা বাতিল করে ভাঙড়ের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে কালীঘাটের দায়িত্বে আনা হলো। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এই নতুন নির্দেশ জারি করেছেন।
উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের রদবদলে কালীঘাট থানা বারংবার খবরের শিরোনামে এসেছে। ২৯ মার্চ প্রথমবার উৎপল ঘোষকে আনা হয়েছিল, ২৫ এপ্রিল সেখানে আসেন গৌতম দাস, তারপর চামেলি এবং এখন বলাই বাগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট এলাকার অন্তর্গত হওয়ায় এই থানাটি নিরাপত্তা ও সংবেদনশীলতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪ মে ভোটগণনার ঠিক প্রাক্কালে, এই থানার ওসি পদে এই ধরণের ঘনঘন বদল কি নিছকই প্রশাসনিক, নাকি এর নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে? তা নিয়ে এখন চলছে জোর চর্চা। সব মিলিয়ে, ফলাফল প্রকাশের আগের মুহূর্তে কালীঘাট থানার ওসি বদল ঘিরে রাজ্য প্রশাসনে চরম অস্বস্তি।

