Bangla Jago Desk: বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা আর ইরান যুদ্ধের আবহে যখন দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের আশঙ্কা দানা বাঁধছে, ঠিক তখনই বড়সড় স্বস্তির খবর শোনাল কেন্দ্র। বিশেষ করে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের অন্নসংস্থান নিশ্চিত করতে ৫ কেজির এলপিজি (LPG) সিলিন্ডারের জোগান এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
মঙ্গলবারই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে এই জরুরি নির্দেশের কথা জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।
সাধারণত রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে স্থায়ী বাসস্থানের নথিপত্র প্রয়োজন হয়, যা পরিযায়ী শ্রমিকদের পক্ষে জোগাড় করা কঠিন। তাঁদের সুবিধার্থেই মোদী সরকার 'ফ্রি ট্রেড' ৫ কেজির ছোট সিলিন্ডার চালু করেছিল। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জেরে বাজারে গ্যাসের কালোবাজারি ও 'প্যানিক বুকিং' শুরু হওয়ায় এই ছোট সিলিন্ডারের জোগানে টান পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সাফ জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসের ২ ও ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, এখন থেকে তার ঠিক দ্বিগুণ পরিমাণ সিলিন্ডার বাজারে পাঠানো হবে।
কেন্দ্রীয় সরকারের চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এই অতিরিক্ত সিলিন্ডারগুলি মূলত পরিযায়ী শ্রমিকদের প্রয়োজন মেটাতেই ব্যবহার করতে হবে। ভারত পেট্রোলিয়াম ও এইচপিসিএল-এর মতো সংস্থাগুলি আশ্বস্ত করে জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল বা এলপিজি সরবরাহে কোনও ঘাটতি নেই। তবে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কালোবাজারি রুখতে সিলিন্ডার বুকিংয়ে ইতিমধ্য়েই কিছু কড়া শর্ত আরোপ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রান্নার গ্যাসের এই জোগান বৃদ্ধি পরিযায়ী শ্রমিকদের বড়সড় স্বস্তি দেবে। কারণ, স্রেফ একটি বৈধ পরিচয়পত্র থাকলেই এই ৫ কেজির সিলিন্ডার সংগ্রহ করা সম্ভব। ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে যখন সাধারণ মানুষের মনে আশঙ্কার মেঘ জমছিল, তখন কেন্দ্রের এই 'ডবল সাপ্লাই' নীতি বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
