Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাওড়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠন, ৩৬ সদস্যের ভোটে নির্বাচিত সভাধিপতি-সহকারী

হাওড়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠন, ৩৬ সদস্যের ভোটে নির্বাচিত সভাধিপতি-সহকারী

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: দুর্নীতির অভিযোগে সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থার জেরে কয়েক দিন আগেই ভেঙে গিয়েছিল তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বোর্ড। এবার ভোটাভুটির মাধ্যমে গঠন হল নতুন বোর্ড। শুক্রবার জেলা পরিষদের নির্বাচিত ৪২ জন সদস্যের মধ্যে ৩৬ জন ভোট দেন। সেই ভোটেই নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচিত হন।

হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন গোপা ঘোষ। সহ-সভাধিপতি নির্বাচিত হয়েছেন তুষারকান্তি ঘোষ। বাকি সদস্যদের একাংশ অনুপস্থিত ছিলেন এবং ভোটদানে অংশ নেননি। সদস্যদের ভোটাভুটির মধ্য দিয়েই এদিন হাওড়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠিত হয়।

দায়িত্ব নেওয়ার পর নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি দু'জনেই জানান, এই বোর্ড সরাসরি তৃণমূল বা বিজেপি পরিচালিত বোর্ড নয়। তাঁদের দাবি, আগামী দিনে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই হবে নতুন বোর্ডের প্রধান লক্ষ্য। সহ-সভাধিপতি তুষারকান্তি ঘোষ বলেন, জেলা পরিষদের নতুন বোর্ড কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বোর্ড নয়। এই বোর্ড রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে। তাঁর কথায়, তাঁরা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, জেলা পরিষদের জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাজ করবেন। তুষারকান্তি ঘোষ আরও জানান, জেলা পরিষদের মাধ্যমে সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প ও কাজ রয়েছে, সেগুলি বাস্তবায়ন করাই তাঁদের অগ্রাধিকার হবে। সাধারণ মানুষের পরিষেবা, গ্রামীণ উন্নয়ন এবং প্রশাসনিক কাজ যাতে থেমে না থাকে, সেদিকে নজর দেওয়া হবে।

সভাধিপতি গোপা ঘোষও একই সুরে বলেন, তাঁরা তৃণমূলের হয়ে বোর্ড সদস্য নির্বাচিত হলেও আগামী দিনে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে শামিল হবেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জেলা পরিষদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, অনাস্থার জেরে পুরনো বোর্ড ভাঙার পর নতুন বোর্ড গঠন হাওড়া জেলা পরিষদের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা। নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতির বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক কাজ ও উন্নয়নকে সামনে রেখেই আপাতত নতুন বোর্ড নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV