Dailyhunt
হিমন্ত-পত্নীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! সুপ্রিম কোর্টে বড় স্বস্তি কংগ্রেস নেতা পবন খেড়ার

হিমন্ত-পত্নীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! সুপ্রিম কোর্টে বড় স্বস্তি কংগ্রেস নেতা পবন খেড়ার

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk:অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় ফেঁসেছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেড়া। তবে শুক্রবার শীর্ষ আদালতের রায়ে বড়সড় স্বস্তি পেলেন তিনি। অসম পুলিশের গ্রেফতারি এড়াতে পবনের দায়ের করা আগাম জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের ডিভিশন বেঞ্চ এদিন এই রায় প্রদান করে।

ঘটনার সূত্রপাত গত মাসে, যখন এআইসিসি-র মুখপাত্র পবন খেড়া এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলেন যে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মার তিনটি বিদেশি পাসপোর্ট রয়েছে। শুধু তাই নয়, দুবাইয়ে তাঁর সম্পত্তি এবং আমেরিকার বিভিন্ন কোম্পানিতে বিপুল বিনিয়োগের অভিযোগও আনেন তিনি। এই মন্তব্যের পরই রিণিকি ভূঁইয়া শর্মা মানহানির মামলা করেন পবনের বিরুদ্ধে।

গত ২৪ এপ্রিল গুয়াহাটি হাইকোর্ট পবনের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পবনের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আদালতে দাবি করেন, পবনের বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিচারসাপেক্ষ এবং তাঁকে গ্রেফতার করে হেনস্থা করার কোনও প্রয়োজন নেই। সিঙ্ঘভি আরও জানান যে, যেসব ধারায় মামলা হয়েছে তার অধিকাংশই জামিনযোগ্য।

অন্যদিকে, অসম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, পবন গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্টের বিকৃত প্রতিলিপি দেখিয়ে জনসমক্ষে মিথ্যা অভিযোগ এনেছেন। হিমন্ত-জায়ার বিদেশি নাগরিকত্ব বা বিদেশি সম্পত্তির তত্ত্ব সম্পূর্ণ ভিত্তিহীন বলেও আদালতে জানানো হয়।

এর আগে তেলঙ্গানা হাইকোর্ট পবনকে এক সপ্তাহের ট্রানজিট জামিন দিলেও সুপ্রিম কোর্ট পরে তাতে স্থগিতাদেশ জারি করেছিল। শেষ পর্যন্ত গুয়াহাটি হাইকোর্টের মুখ ফেরানোর পর সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ কংগ্রেস শিবিরের কাছে বড় জয় বলে মনে করা হচ্ছে। আপাতত গ্রেফতারি এড়ালেও, মামলার শুনানি এবং আইনি লড়াই যে দীর্ঘস্থায়ী হতে চলেছে, তা স্পষ্ট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV