AK Bangla 24×7 Digital: কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য পেল ভারত। নয়াদিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরুষ ও মহিলা দলগত বিভাগের ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে জোড়া সোনা জিতেছে আয়োজক দেশটি। পুরুষদের ফাইনালে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় পেল ভারত, আর মহিলারা ৩-০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে খেতাব নিশ্চিত করেন।
শীর্ষ বাছাই ভারতীয় পুরুষ দল ফাইনালে শুরু থেকেই দাপট দেখায়। মানব ঠাক্কর জাভেন চুংকে ৩-১ ব্যবধানে হারিয়ে দলকে এগিয়ে দেন। এরপর মনুষ শাহ ৫ গেমের লড়াইয়ে ওং কি শেনকে হারিয়ে ভারতের ব্যবধান ২-০ করেন। তবে সহজে হার মানেনি মালয়েশিয়া। তে হং ইউ সরাসরি গেমে সাত্তিয়ান জ্ঞানশেখরনকে হারিয়ে ব্যবধান কমান। এরপর ওং কি শেন ৫ গেমের লড়াইয়ে মানব ঠাক্করকে হারিয়ে সমতা ফেরান। শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে মনুষ শাহ দুর্দান্ত খেলায় জাভেন চুংকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতের শিরোপা নিশ্চিত করেন। ভারতের পুরুষ দলে ছিলেন মানব ঠাক্কর, মনুষ শাহ, সাত্তিয়ান জ্ঞানশেখরন, হরমিত দেশাই এবং পায়াস জৈন। পুরো প্রতিযোগিতায় অপরাজিত ছিল ভারত। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে ও মালয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারানোর পর শ্রীলঙ্কা, ওয়েলস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও ইংল্যান্ডকেও কোনও টাই না হারিয়ে ফাইনালে পৌঁছায় তারা।
দ্বিতীয় বাছাই ভারতীয় মহিলা দলও ছিল সমান দুরন্ত। ফাইনালে স্বস্তিকা ঘোষ আই জিন টিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সূচনা করেন। এরপর শ্রীজা আকুলা ৫ গেমের লড়াইয়ে কারেন লিন আনাক ডিককে হারিয়ে ব্যবধান বাড়ান। শেষ ম্যাচে যশস্বিনী ঘোরপাড়ে লি সিয়ান অ্যালিস চ্যাংকে ৩-১ ব্যবধানে হারিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। ভারতের মহিলা দলে ছিলেন সিন্ড্রেলা দাস, শ্রীজা আকুলা, যশস্বিনী ঘোরপাড়ে, সুতীর্থা মুখোপাধ্যায় এবং স্বস্তিকা ঘোষ। গ্রুপ পর্বে মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, নর্দার্ন আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও কানাডাকে ৩-০ ব্যবধানে হারানোর পর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তারা।
পুরুষ ও মহিলা উভয় বিভাগেই ব্রোঞ্জ জিতেছে ইংল্যান্ড। পুরুষদের অন্য ব্রোঞ্জ গিয়েছে সিঙ্গাপুরের ঝুলিতে, আর মহিলাদের অন্য ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। ২০১৯ সালে কটকে শেষবার আয়োজিত এই প্রতিযোগিতা এবার ফিরেছে নতুন আঙ্গিকে। এবারও মোট ৭টি ইভেন্ট রয়েছে, যার মধ্যে সিঙ্গলস ও ডাবলসের লড়াই শেষ হবে ২ আগস্ট।

