Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কয়েক ঘন্টার মধ্যেই খেল দেখাবে দুর্যোগ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা

কয়েক ঘন্টার মধ্যেই খেল দেখাবে দুর্যোগ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা

Bangla Jago TV 2 weeks ago

Bangla Jago Desk: সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। রাতভর একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের পর নিম্নচাপ বাংলা-ওডিশা উপকূলের দিকে আরও এগিয়ে আসতে পারে।

তার প্রভাবেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। রাতভর বৃষ্টির পর শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, যে কোনও মুহূর্তে শহরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যার পর বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির আশঙ্কায় কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে বলে পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। রবিবারের পর আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। নিম্নচাপের গতিপথ ও শক্তি বৃদ্ধির উপর নির্ভর করে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV