Bangla Jago Desk: স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে এবার গণনাকেন্দ্রের রণকৌশল ঠিক করতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় দফার ভোট মিটতেই পোলিং এজেন্টদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টে নাগাদ ভার্চুয়াল মাধ্যমে পোলিং এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি।
সেখানে গণনা শেষ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে লড়াই করার স্পষ্ট বার্তা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
দলীয় সূত্রে খবর, গণনার দিন বুথস্তরের কর্মীদের কী কী ভূমিকা পালন করতে হবে, তা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবেন অভিষেক। বিশেষ করে বিজেপি বা অন্যান্য বিরোধী শিবিরের এক্সিট পোলের সমীক্ষায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে কাজ করার নির্দেশ দেবেন তিনি। ইতিমধ্যেই দলের তরফে কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে তাঁদের স্পষ্টভাবে জানানো হতে পারে যে, কোনও অবস্থাতেই ঠান্ডা মাথা হারানো চলবে না এবং গণনার শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারিতে কোনও খামতি রাখা যাবে না।
তৃণমূল নেতৃত্বের আশঙ্কা, গণনাকেন্দ্রের ভেতরে কারচুপি বা প্ররোচনা দেওয়ার চেষ্টা হতে পারে। সেই কারণেই এজেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সন্দেহজনক কিছু দেখলেই তৎক্ষণাৎ দলীয় প্রার্থীকে খবর দেওয়া হয়। এমনকি বিশেষ প্রয়োজনে কোনও এজেন্টকে বাইরে বেরোতে হলে সেখানে যেন তৎক্ষণাৎ বিকল্প এজেন্ট উপস্থিত থাকেন, সেই প্রস্তুতিও সেরে রাখা হয়েছে। প্ররোচনায় পা না দিয়ে সম্পূর্ণ আইনি ও সাংগঠনিক উপায়ে নজরদারি চালানোর বিষয়টি এই বৈঠকের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে নজরদারির অভাবের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাখাওয়াত মেমোরিয়ালে দীর্ঘক্ষণ উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করেছিলেন। অন্যদিকে কুণাল ঘোষ ও শশী পাঁজাদের মতো নেতারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধরনায় বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, গণনা শেষ হওয়ার পর সরকারি ঘোষণা এবং দলের তরফে সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত যেন কেউ কেন্দ্র ত্যাগ না করেন। সেই নির্দেশকেই আরও সাংগঠনিক রূপ দিতে আগামীকালের বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

