Bangla Jago Desk: আকাশ মেঘাচ্ছন্ন, আর সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে, পাখা ছাড়া থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
আজ, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাতেও একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, তাই বাইরে বেরোলে সঙ্গে ছাতা রাখা জরুরি।
এই আবহাওয়া শুধু আজকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকতে পারে। মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে বৃষ্টিও হতে পারে। বুধবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হবে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
মঙ্গলবারও উত্তরবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া দেখা যেতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসতে চলেছে। যদিও আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে, তবুও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে দু'দিন পর আবার ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আগামী দুই দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

