Bangla Jago Desk: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়ালেন বিজেপি ও তৃণমূল সমর্থকরা। মঙ্গলবার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় এবং কুলতলির তৃণমূল প্রার্থী গণেশ মণ্ডলের মিছিল মুখোমুখি হলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
দুই পক্ষের মধ্যে প্রবল স্লোগান-পাল্টা স্লোগান এবং হাতাহাতির জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তিনি যখন মিছিল করে মনোনয়ন জমা দিতে আসছিলেন, তখন বারুইপুর থানার সামনে তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃতভাবে তাঁদের পথ আটকানোর চেষ্টা করে। এই সময় তৃণমূলের মিছিল থেকে 'চোর চোর' স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। রূপা গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান, বাধা দেওয়ার চেষ্টা করা হলেও তৃণমূলের সেই পরিকল্পনা সফল হয়নি।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী গণেশ মণ্ডলের দাবি, দুটি মিছিল একই পথে আসায় সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল, তবে কোনো বড় গন্ডগোল হয়নি। তাঁর মতে, গণতান্ত্রিক দেশে সবারই মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে এবং মিছিল মুখোমুখি হলে যে ধরণের শোরগোল হয়, এটি তার বেশি কিছু নয়। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার পুলিশকে ব্যাপক হিমশিম খেতে হয়।

