Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
NEET আন্দোলনে নিয়ে সরব আলিয়া ভাট

NEET আন্দোলনে নিয়ে সরব আলিয়া ভাট

Bangla Jago TV 2 days ago

AK Bangla Desk: দেশজুড়ে এখনও অব্যাহত NEET-UG ২০২৬ পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও ছাত্র আন্দোলন। প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা, স্বচ্ছ তদন্ত এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার পড়ুয়া। এই আবহেই দীর্ঘ নীরবতার পর অবশেষে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় আলিয়া জানান, গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের দৃশ্য তাঁর হৃদয় ভেঙে দিয়েছে। একই সঙ্গে সেই আন্দোলন তাঁকে নতুন আশাও দেখিয়েছে। তাঁর কথায়, যাঁরা সেদিন প্রতিবাদে যোগ দিতে পারেননি, তাঁদের পক্ষেও রাস্তায় নেমে আওয়াজ তুলেছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

অভিনেত্রী লেখেন, এই লড়াই কেবল কোনও একটি পরীক্ষা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন, ত্যাগ এবং আগামী দিনের ভবিষ্যৎ। একজন ছাত্র যখন নিজের অধিকারের দাবিতে পথে নামে, তখন সে শুধু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে। আলিয়ার মতে, ছাত্রদের এই সাহস এবং দৃঢ়তা গোটা দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে— দেশের ভবিষ্যৎ গড়বে যাঁরা, তাঁদের কণ্ঠস্বরকে আমরা আদৌ কতটা গুরুত্ব দিচ্ছি? পোস্টের শেষে তিনি লেখেন, 'ছাত্রদের জন্য, ছাত্রদের হাত ধরেই। ভবিষ্যৎ তাঁদেরই। জয় হিন্দ।' প্রসঙ্গত, ৩ মে অনুষ্ঠিত NEET-UG ২০২৬ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা বাতিল করা হয়। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা হলেও বিতর্ক থামেনি। প্রশ্নফাঁসের তদন্ত, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে এখনও দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।

এরই মধ্যে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ ঘিরেও দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আলিয়ার এই প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। আলিয়ার পোস্ট প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন অভিনেত্রীর এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন সময়ে ছাত্রদের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। তবে অন্য একাংশের দাবি, এতদিন নীরব থাকার পর তাঁর এই সমর্থন অনেকটাই দেরিতে এসেছে।সমালোচনা ও প্রশংসা— দুই প্রতিক্রিয়ার মাঝেও আলিয়ার বার্তার মূল সুর একটাই। দেশের তরুণ প্রজন্ম যে নিজেদের স্বপ্ন, পরিবারের আশা এবং আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার দাবিতে লড়াই করছে, সেই সাহসকে সম্মান জানানো উচিত। তাঁর বিশ্বাস, আগামী দিনের ভারত গড়ে তুলবে আজকের এই ছাত্রছাত্রীরাই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV