AK Bangla 24×7 Digital: কলকাতার প্রেসিডেন্সি জেলে হাই-প্রোফাইল বন্দি আফতাব আনসারির কুঠুরি থেকে একাধিক মোবাইল ফোন, আইফোন, ওয়াইফাই রাউটার এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধারের ঘটনায় জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৩ অগস্ট সন্ধ্যায় দমদম সংশোধনাগারের ডিআইজি-র নেতৃত্বে আচমকা প্রেসিডেন্সি জেলে তল্লাশি অভিযান চালায় কারা কর্তৃপক্ষ।
প্রায় দু'ঘণ্টাব্যাপী এই অভিযানে আমেরিকান সেন্টার হামলা কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আফতাবের কুঠুরি থেকে ৩টি স্মার্টফোন, ১টি আইফোন, ৩টি জিও সিম কার্ড, ২টি জিও রাউটার, ১টি ওয়াইফাই হটস্পট, ২টি কার্ড রিডার, ১২৮ জিবির পেনড্রাইভ এবং ৫০০ টাকার নোটে মোট ৩১ হাজার নগদ টাকা উদ্ধার হয়। এই বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম মেলার পর প্রশ্ন উঠছে, জেলের কড়া নজরদারি এড়িয়ে আফতাব কীভাবে ভেতরে আস্ত একটি হাইটেক যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।
কারা কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, জেলে বসেই পাকিস্তানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রক্ষা করছিলেন এই জঙ্গি নেতা এবং পরিচালনা করছিলেন একাধিক অসাধু ও নাশকতামূলক কার্যকলাপ। ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে জেল থেকে বাইরের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ উঠেছিল, তবে রোববারের অভিযানে প্রাপ্ত তথ্য সেই আশঙ্কাকে আরও মজবুত করেছে।
এত সরঞ্জাম ও নগদ টাকা জেলের ভেতরে পৌঁছানোর পেছনে কারা প্রশাসনের অভ্যন্তরীণ আধিকারিক বা কর্মীদের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২০ অগস্ট প্রেসিডেন্সি জেলের অপর বিচারাধীন বন্দি আব্দুল মইনুদ্দিনের কুঠুরি থেকেও স্মার্টফোন ও সিমকার্ড উদ্ধার হয়েছিল, যা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতিকেই স্পষ্ট করে তুলছে।

