Dailyhunt
প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় প্রসেনজিৎ-ঋতুপর্ণারা, রাহুলের মৃত্যুতে ৫ দিন পর FIR আর্টিস্ট ফোরামের

প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় প্রসেনজিৎ-ঋতুপর্ণারা, রাহুলের মৃত্যুতে ৫ দিন পর FIR আর্টিস্ট ফোরামের

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও রহস্যময় মৃত্যু নিয়ে এবার রণংদেহি মেজাজে টলিপাড়া। অভিনেতার মৃত্যুর পাঁচ দিন পর অবশেষে আইনি লড়াইয়ের পথে হাঁটল আর্টিস্ট ফোরাম। শনিবার দুপুরে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করলেন সংগঠনের সদস্যরা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং যিশু সেনগুপ্তের মতো প্রথম সারির তারকাদের উপস্থিতিতে এই আইনি পদক্ষেপ টালিগঞ্জে এক নজিরবিহীন সংহতির ছবি তুলে ধরেছে।

তদন্তে স্বচ্ছতা এবং দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেল চারটেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে 'জাস্টিস ফর রাহুল' মিছিলে শামিল হয়েছে নাগরিক সমাজ ও শিল্পী মহল। মিছিলে কোনও রাজনৈতিক রং না লাগানোর আবেদন জানিয়ে সেলেবদের একাংশ স্পষ্ট করেছেন যে, এটি কেবল একজন সহকর্মীর অকালমৃত্যুর বিচার চাওয়ার লড়াই। শুক্রবার রাতে টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত এক জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পায়েল দে-সহ আরও অনেকে। সেখানেই সর্বসম্মতিক্রমে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও দেব, পরমব্রত ও নিসপাল সিং রানের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল।

গত রবিবার তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ বলছেন, সহ-অভিনেত্রীকে জোয়ারের হাত থেকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি, আবার কারো দাবি, দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার পরও উদ্ধারকাজে দেরি হয়েছিল। পুলিশের হাতে আসা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে ইউনিটের সদস্যদের বয়ানে ব্যাপক অসঙ্গতি মেলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স'-এর দেওয়া উত্তরে সন্তুষ্ট হতে পারেনি আর্টিস্ট ফোরাম। তাদের সাফ কথা, কার গাফিলতিতে একজন প্রতিভাবান অভিনেতার প্রাণ গেল, তার উত্তর চাই।

টলিউডের শিল্পীদের দাবি, শুটিং সেটে নিরাপত্তার অভাব এবং প্রযোজনা সংস্থার দায়িত্বজ্ঞানহীনতাই এই দুর্ঘটনার মূলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, 'আমরা আমাদের ভাইকে হারিয়েছি, এই মৃত্যু কোনওভাবেই স্বাভাবিক মেনে নেওয়া যাচ্ছে না। সত্য উদঘাটন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।' মিছিলে পা মেলাতে পারেন স্বয়ং প্রিয়াঙ্কা সরকারও। সব মিলিয়ে রাহুলের মৃত্যু ঘিরে এখন উত্তাল গোটা স্টুডিও পাড়া, যার আঁচ পৌঁছেছে প্রশাসনের দোরগোড়া পর্যন্ত।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV