Dailyhunt
রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি, কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?

রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি, কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদসংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে ভাষণের বিষয়বস্তু নিয়ে স্পষ্ট কিছু জানানো না হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শুক্রবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ার প্রেক্ষাপটে মোদি বড় কোনও ঘোষণা বা বার্তা দিতে পারেন।

বিশেষ করে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলটি ভোটাভুটিতে আটকে যাওয়ার পর এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার সংসদে বড়সড় ধাক্কা খেয়েছে মোদি সরকার। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার উদ্দেশ্যে পেশ করা ১৩১তম সংবিধান সংশোধনী বিলটি (নারী শক্তি বন্দন অধিনিয়ম) প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বাতিল হয়ে গিয়েছে। ভোটাভুটিতে ৫২৮ জন সাংসদ অংশ নিলেও বিলের পক্ষে পড়ে ২৯৮টি ভোট এবং বিপক্ষে যায় ২৩০টি ভোট। এই বিলটি ঘিরে সংসদে দু'দিন ধরে তীব্র বিতর্ক চলেছে, যেখানে বিরোধীদের 'মহিলা বিরোধী' তকমা দিয়েছে শাসক দল। অন্যদিকে, বিরোধীদের দাবি ছিল, মহিলা সংরক্ষণের আড়ালে কেন্দ্র আসলে আসন পুনর্বিন্যাস বা 'ডিলিমিটেশন' বিল কার্যকর করতে চাইছে।

সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছিলেন। যার মধ্যে প্রথম ও প্রধান বিলটিই ছিল মহিলা সংরক্ষণ ও আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী। কিন্তু প্রথম বিলটি পাশ করাতে ব্যর্থ হওয়ায় সরকার বাকি দু'টি বিল অর্থাৎ আসন পুনর্বিন্যাস ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল নিয়ে আর ভোটাভুটির পথে হাঁটেনি। এই সংসদীয় অচলাবস্থা এবং বিরোধীদের অবস্থানের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV