Bangla Jago Desk: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশে তৈরি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মরশুমের অন্যতম শক্তিশালী বৃষ্টি বলয় তৈরি হতে চলেছে। এর জেরে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহবিদদের মতে, ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাব। এর ফলে কম সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। আগামী চার দিনে কোথাও কোথাও মোট বৃষ্টির পরিমাণ ১৫০ মিলিমিটারের কাছাকাছি পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জারি হয়েছে লাল সতর্কতা।
প্রবল বর্ষণের জেরে দার্জিলিং ও কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। সেই সময় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হলুদ সতর্কতা জারি থাকবে।

