Dailyhunt
শনিবার থেকেই আবহাওয়া বদল! দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

শনিবার থেকেই আবহাওয়া বদল! দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: তপ্ত রোদ আর হাঁসফাঁস করা গরমের দীর্ঘ ইনিংস শেষে অবশেষে বৃষ্টির হাত ধরে দক্ষিণবঙ্গে ফিরেছে স্বস্তি। গত কয়েকদিনের বর্ষণে এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও মনোরম আবহাওয়া বজায় ছিল জেলাগুলিতে। তবে এই বিরতি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এমনকি আগামী ৪ মে অর্থাৎ ভোট গণনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে। ফল যাই হোক না কেন, অন্তত প্রকৃতির কৃপায় গণনাকেন্দ্রের বাইরে থাকা কর্মী ও সমর্থকদের গরমের কষ্ট সহ্য করতে হবে না বলেই মনে করা হচ্ছে। শনিবার সকাল থেকেই কলকাতায় রোদ-ছায়ার খেলা দেখা গিয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। কলকাতায় শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও দুপুরের পর থেকে মেঘের দাপট বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আগামী বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের মতে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই তিন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে আপাতত গোটা রাজ্যেই অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV