গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ভোটগ্রহণ পর্ব মিটে গেলেও উত্তাপ কমল না সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলীর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগে সরব হলেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে অবৈধভাবে প্রবেশের অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
তৃণমূল শিবিরের দাবি, সংশ্লিষ্ট বুথে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী সেখানে প্রবেশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের এজেন্ট ও কর্মীরা রূপা গাঙ্গুলীকে বুথে ঢুকতে বাধা দিলে দু'পক্ষের মধ্যে প্রবল বাগ্বিতণ্ডা শুরু হয়। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী।
লাভলী মৈত্রের অভিযোগ, বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের ওপর কেন্দ্রীয় বাহিনী নির্বিচারে লাঠিচার্জ করেছে। এই লাঠিচার্জের ঘটনায় বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। ভোট শেষ হওয়ার পর একজন প্রার্থী কীভাবে বুথে প্রবেশ করলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন লাভলী। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে।

