বাংলা হান্ট ডেস্কঃ নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়। এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তাঁকে গ্রেফতার করে আগামী ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশকে এই বিষয়ে একটি বিশদ রিপোর্ট জমা করতে বলা হয়েছে।
তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)
এদিকে এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সজল সরকার জামিন চেয়ে বুধবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই সঙ্গেই অবিলম্বে প্রশান্তকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি।
জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের পর প্রায় ৮ মাস কেটে গেলেও মূল অভিযুক্ত অধরা থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, প্রশান্তকে গ্রেফতার করা তো হয়ইনি, এমনকি চার্জশিটেও তাঁর সম্বন্ধে কোনও স্পষ্ট উল্লেখ নেই। এরপরেই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি অপূর্ব সিনহা রায় বলেন, 'আইন মেনে নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে গুরুতর কর্তব্যে অবহেলা বলে মনে করছে আদালত। সেই কারণে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ডিজিপি-কে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে হবে'।
গত বছর অক্টোবর মাসে নিউটাউনের যাত্রাগাছির খালপাড় থেকে স্বপন কামিল্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার অভিযোগ করে, এই অপহরণ ও খুনের ঘটনার নেপথ্যে রয়েছেন প্রশান্ত বর্মণ ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এরপর বিডিও পদ থেকে প্রশান্তকে সরানো হয়। ধাপে ধাপে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। তবে প্রশান্ত ফেরার থাকায় তাঁকে গ্রেফতার করা যায়নি।

কয়েকদিন আগে অবশ্য নিউটাউনের রাস্তায় প্রশান্তকে দেখা গিয়েছিল। একটি সড়ক দুর্ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন তিনি। এবার স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাতেও তাঁকে নিয়ে কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট।

