Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৪ সপ্তাহের মধ্যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে! রাজ্যকে নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?

৪ সপ্তাহের মধ্যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে! রাজ্যকে নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের পর হারিয়েছে দৃষ্টিশক্তি। এবার এই সংক্রান্ত একটি মামলাতেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার (Government of West Bengal)। পাশাপাশি রাজ্যকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

ডেডলাইন বেঁধে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের | (Calcutta High Court)

২০২৪ সালের জুন মাসে ঘটনাটি ঘটেছিল। চিকিৎসাজনিত গাফিলতির শিকার হয়ে দৃষ্টিশক্তি হারান গোবিন্দচন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তি। এবার তাঁর মামলাতেই রাজ্যকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল বিচারপতি অজয় কুমার গুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে এই ক্ষতিপূরণ দিতে বলেছে উচ্চ আদালত।

২০২৪ সালের জুন মাসে মেটিয়াবুরুজের গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন শিবির আয়োজিত হয়েছিল। সেখানে চিকিৎসা করাতে এসেছিলেন বহু মানুষ। তবে অভিযোগ, অস্ত্রোপচার হতেই একের পর এক রোগীর চোখে যন্ত্রণা শুরু হয় ও পরবর্তীতে তাঁরা দৃষ্টিশক্তি হারাতে থাকেন।

এই ঘটনা সামনে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় স্বাস্থ্য ভবন। ১৬ জন রোগীকে সঙ্গে সঙ্গে কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে ভর্তি করা হয়। তবে তাঁদের দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয়নি। পরবর্তীতে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে জানানো হয়, অস্ত্রোপচারের সময় ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সামগ্রী যথাযথভাবে জীবাণুমুক্ত না করার কারণে রোগীদের চোখে ব্যাপক ইনফেকশন ছড়িয়ে পড়ে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এই ঘটনার পরেও প্রশাসন ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন দৃষ্টিশক্তি হারানো গোবিন্দচন্দ্র দেবনাথ। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মামলা করা হয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল। তবে ক্ষতিপূরণ নিয়ে নির্দিষ্ট কোনও রায় দেওয়া হয়নি। এরপর জল গড়ায় ডিভিশন বেঞ্চে।

মামলাকারীর তরফে আইনজীবী বলেন, সরকারি শিবিরে চিকিৎসার নামে চরম গাফিলতির জেরে সারা জীবনের জন্য স্থায়ী প্রতিবন্ধকতার শিকার হয়েছেন মামলাকারী। রাজ্য সরকার এর দায় কিছুতেই এড়াতে পারে না। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানায়, রাজ্যের পরিকাঠামোগত গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। সেই কারণে মামলাকারীকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ও সমগোত্রীয় বিষয়গুলিতে পদক্ষেপ নিতে হবে।

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর প্রশ্ন উঠছে, তাহলে কি গোবিন্দচন্দ্র দেবনাথের মতো বাকি ক্ষতিগ্রস্তরাও ক্ষতিপূরণের দাবিতে আইনি লড়াইয়ে নামবেন? শেষমেষ কী হয় সেটা অবশ্য সময়ই বলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt