বাংলাহান্ট ডেস্ক : আজই শেষ তারিখ আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার। ৩১ জুলাই পর্যন্ত থাকে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। এই সময় তাড়াহুড়োয় অনেক করদাতা ভুল করে বসেন। অনেকে ভাবেন, টিডিএস আগেই কাটা হয়ে গিয়েছে এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ১.২৫ লক্ষ টাকার কম হলে সেগুলো আর আয়কর রিটার্নে দেখানোর প্রয়োজন নেই।
কিন্তু আসলে তেমনটা নয়।
আয়কর রিটার্ন (Income Tax Return) করার আজ শেষ তারিখ
আয়কর বিভাগ LTCG এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া সুদের তথ্য মিলিয়ে দেখে কোথাও কোনও অসঙ্গতি ধরা পড়লে নোটিশ জারি করে আয়কর বিভাগ। তাই বিশেষজ্ঞরা বলেন, Annual Information Statement এবং অন্যান্য নথির সঙ্গে আয়ের তথ্য মিলিয়ে নেওয়া জরুরি। আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই নথিগুলি যাচাই করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।

হতে পারে দুটি ভুল: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় মূলত দুটি ক্ষেত্রে ভুল হয়ে থাকে। অনেক করদাতা মনে করেন, সুদের উপরে আগেই টিডিএস কেটে নেওয়া হয়েছে, তাই ওই আয়ের তথ্য আর রিটার্নে দেখানোর প্রয়োজন নেই। তবে আয়কর আইন বলছে, ব্যাঙ্কের সুদ থেকে হওয়া আয়ের তথ্যও আয়কর রিটার্নে (Income Tax Return) উল্লেখ করতে হবে। এই ভুলের কারণে আয়কর আইনের ধারা ১৪৩ (১) (এ) অনুযায়ী নোটিশ পেয়ে থাকেন।
কোন বিষয়ে নজর: বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার আগে AIS, Form 26AS এবং TIS এর সঙ্গে নিজের আয়ের তথ্য মিলিয়ে নিন। কোনও আয়ের তথ্য যদি আয়কর রিটার্নে উল্লেখ না করা হয় তবে আয়কর বিভাগের তরফে তা AIS এর তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তথ্যে যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে তবে নোটিশ আসতে পারে।
সুদের আয় Income from Other Sources শিরোনামের অধীনে আয়কর রিটার্নে দেখাতে হবে। টিডিএস এর পরিমাণও আলাদা ভাবে হিসেব করে মোট করদায় নির্ধারণ করতে হবে।

