বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্পগুলি নিয়ে শুরু হয়েছে তুমুল কড়াকড়ি। অন্নপূর্ণা যোজনা থেকে আবাস, সবেতেই এক্সট্রা ভেরিফিকেশন। অযোগ্যদের সুবিধা কোনও ভাবেই নয়, এমনটাই বারংবার স্পষ্ট জানিয়েছে সরকার। এবার কোচবিহার থেকে অযোগ্যদের টাকা ফেরানোর কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
অযোগ্যদের গ্রেফতারির হুঁশিয়ারি | Dilip Ghosh
নির্বাচনে জয়ের পর এই প্রথমবার কোচবিহারে দিলীপ ঘোষ। এদিন কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন নেতা। বৈঠক উপস্থিত ছিলেন 'নারী ও শিশু কল্যাণ মন্ত্রী' মালতি রাভা রায়, মন্ত্রী বিশাল লামা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও। সেই বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দেন দিলীপ ঘোষ।
দিলীপ বলেন, 'বেআইনিভাবে আবাস যোজনায় টাকা নিয়ে নিয়েছে অনেক লোক। তাঁদের নোটিস দেওয়া হয়েছে। টাকা ফেরত দাও নয়ত জেলে যাও।' মন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন আবাস যোজনায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তাকে টাকা ফেরত দিতে হবে। নয়তো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার জন অযোগ্য উপভোক্তার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, চিহ্নিত অযোগ্যদের মধ্যে অনেকেই আবাস যোজনার টাকা পেয়েছেন। ইতিমধ্যেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিনের বৈঠক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন কাজ, জি-রাম-জি প্রকল্প এবং সেল্ফ হেল্প গ্রুপের কাজ ইত্যাদি বিষয়ে দুই জেলার প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। যে সব অঞ্চলে বর্তমানে প্রধান নেই, সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিন জি-রাম-জি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে আসে দিলীপ ঘোষের কথায়। পঞ্চায়েত সংক্রান্ত নতুন আইন যাতে সঠিকভাবে কার্যকর হয়, সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি। জি-রাম-জি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও জানান রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

