বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অতি বড় ব্রাজিল (Brazil) সমর্থক তো বটেই, অতি বড় ব্রাজিলের নিন্দুকও হয়তো ভাবতে পারেননি শেষ বিশ্বকাপের (FIFA World Cup 2026) ১৬ পর্যায়ের ম্যাচে এমন ঘটবে। পেনাল্টি সহ একাধিক সুযোগ পেয়েও গোল না করতে পারার খেসারত দিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। উল্টোদিকে গোটা ম্যাচে কার্যত নজরের আড়ালে থেকে শেষ কোয়ার্টারে জোড়া গোল করে নরওয়েকে (Norway) কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিলেন তারকা স্ট্রাইকার এর্লিং হাল্যান্ড (Erling Haaland)।
এদিন ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি পেয়েও এগিয়ে যেতে ব্যর্থ হয় ব্রাজিল। ব্রুনো গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এরপর একের পর এক সেভ করে ব্রাজিলের হতাশা বাড়াতে শুরু করেন নরওয়ের গোলরক্ষক ওরজান নাইল্যান্ড। উল্টোদিকে প্রথমার্ধের শেষ লগ্নে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়েও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন নরওয়ে অধিনায়ক ওডেগার্ড।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে তরুণ তারকা এন্ড্রিককে মাঠে আনেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। মাঠে নেমেই গোলকিপারকে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন তিনি। নেইমারকে মাঠে আনলেও পরিস্থিতি বদলায়নি। ব্রাজিলের হতাশা বাড়তে থাকে।
এরই মধ্যে ম্যাচের ৭৯ মিনিটে বক্সে ভেসে আসা বলে দুর্দান্ত হেড দিয়ে গোল করে দলকে লিড এনে দেন এর্লিং হাল্যান্ড। গোটা ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ঠিক সময়ে কাজের কাজটি করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের শেষ লগ্নে ক্লান্ত ব্রাজিল ডিফেন্সকে কার্যত দাঁড় করিয়ে রেখে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ভাইকিং দৈত্য।
চলতি বিশ্বকাপে এই নিয়ে ৪ ম্যাচ খেলে ৭ গোল করে মেসি ও এমবাপ্পেকে স্পর্শ করে ফেললেন হাল্যান্ড। গোল্ডেন বুটের দৌড় জমিয়ে দিলেন তিনি। অতিরিক্ত সময়ের একদম শেষ লগ্নে নেইমার পেনাল্টি থেকে ব্যবধান কমালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই নিয়ে টানা ৬ টি বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করলো ব্রাজিল।

