বাংলা হান্ট ডেস্ক : ভারতে জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও দ্রুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশ ডাকতে সাধারণ মানুষকে আর একাধিক নম্বর মনে রাখতে হবে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একক জরুরি পরিষেবা নম্বর ১১২-এর আওতায় আনতে হবে।
১১২ নম্বরেই সমস্ত জরুরি পরিষেবার নির্দেশ সুপ্রিমকোর্টের (Supreme Court)
প্রসঙ্গত, ট্রমা কেয়ার ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অতুল এস চন্দুরকারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সারা দেশে ১১২ হেল্পলাইন নম্বরে ইমারজেন্সি রেসপন্স সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে হবে।
জরুরি পরিস্থিতিতে একাধিক নম্বর মনে রেখে সঠিক পরিষেবায় যোগাযোগ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সেই সমস্যার সমাধান করতেই দীর্ঘদিন ধরে একক জরুরি পরিষেবা চালুর পরিকল্পনা করে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ব্যবস্থায় একটি নম্বরে ফোন করে প্রয়োজনীয় সাহায্য পাওয়ার সুযোগ মিলবে । আমেরিকায় ৯১১ নম্বর যেভাবে কাজ করে, ভারতে ১১২ নম্বরকে সেই ধরনের সমন্বিত জরুরি পরিষেবা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, দেশের কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ১১২ পরিষেবা চালু হয়েছে, তবে সর্বত্র একইভাবে পরিষেবা পাওয়া যায় না। বহু জায়গায় এখনও ১০০ বা ১০৮-সহ পুরনো নম্বর ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই ভিন্ন ভিন্ন ব্যবস্থার কারণে দুর্ঘটনা বা অন্য কোনও বিপদের সময়ে পরিষেবা মিলতে বিলম্ব হতে পারে।
এই প্রসঙ্গে আদালত সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ Right to Life-এর বিষয়টিও উল্লেখ করেছে। বিচারপতিদের মতে, দুর্ঘটনায় আহত ব্যক্তির দ্রুত ট্রমা কেয়ার পাওয়ার অধিকারও জীবনের অধিকারের অন্তর্ভুক্ত। তাই জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও কার্যকর করা প্রশাসনের দায়িত্ব। আদালতের নির্দেশ অনুযায়ী, ১১২ নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তাৎক্ষণিকভাবে তথ্য পৌঁছে যাবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের নির্ধারিত অ্যাম্বুল্যান্স কোড অনুসারে সমস্ত অ্যাম্বুল্যান্স পরিচালনার পাশাপাশি প্রতিটি গাড়িতে জিপিএস ও লোকেশন ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

এছাড়াও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রের PM RAHAT প্রকল্প দ্রুত কার্যকর করার ওপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রকল্পের আওতায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। কোনও ব্যক্তি ১১২ নম্বরে ফোন করে সাহায্য চাইলে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে চিকিৎসা শুরু করা যাবে। জরুরি পরিষেবা ব্যবস্থাকে এক ছাতার তলায় এনে সাধারণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এখন দেখার, আগামী তিন মাসের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নে প্রশাসন কতটা সফল হয়।

