বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কবে তার বাস্তবায়ন হয় সেই অপেক্ষায় সকলে। এরই মাঝেই ফের সুখবর। খুব শীঘ্রই ফের একবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পেতে চলেছে। রিপোর্ট বলছে, জুলাই মাস থেকে বাড়তি তিন শতাংশ হারে ডিএ (DA Hike) পেতে পারেন কেন্দ্রের কর্মীরা।
কেন্দ্রের কর্মীদের ডিএ বাড়তে পারে ৩% | Dearness Allowance
মূলত, মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু'বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই ১ জুলাই থেকে কেন্দ্রের কর্মী ও পেনশনভোগীরা বাড়তি ডিএ বা ডিআর পেতে চলেছেন।
জানিয়ে রাখি, এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। ফলে গত ১২ মাসের গড় সূচক পৌঁছেছে ১৪৮.৬৫। ডিএ গণনার হার হয়েছে ৬৩.৭৬%। ৬৩.৭৬% ডিএ অর্থাৎ পূর্ণ সংখ্যায় ৬৩ শতাংশ ডিএ-র হবে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ডিএ-এর প্রকৃত বৃদ্ধি কী হবে তা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে। এর আগে জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। জুনে সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে।

এদিকে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৩৮ শতাংশ ডিএ পাচ্ছেন। যদিও তা আসছে অক্টোবর মাস থেকে দেওয়া হবে। বর্তমানে কেন্দ্র-রাজ্য ফারাক রয়েছে ২২%। এরই মধ্যে কেন্দ্র আরও ৩ শতাংশ বৃদ্ধি করলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ব্যবধান পৌঁছে যাবে ২৫ শতাংশে।

