বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ভোট গণনা। তার আগে কলকাতায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। স্ট্রংরুমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনার আবহ তৈরি হওয়ার পর এবার আরও সতর্ক হল তৃণমূল কংগ্রেস। কাউন্টিংয়ের দিন যাতে কোনও ধরনের গাফিলতি বা বিভ্রান্তির অভিযোগ না ওঠে, তার জন্য আলাদা করে গণনা পর্যবেক্ষক (TMC Counting Observers) নিয়োগ করল দল।
পাশাপাশি কাউন্টিং এজেন্টদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে, গণনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোনো যাবে না।
কোন জেলায় কাকে দায়িত্ব দিল তৃণমূল (TMC Counting Observers)?
শনিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা সামনে আসে। কাউন্টিংয়ের দিন প্রতিটি জেলার পরিস্থিতির উপর নজর রাখতেই এই বিশেষ পর্যবেক্ষকদের (TMC Counting Observers) দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।
উত্তর ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌগত রায় ও পার্থ ভৌমিককে। আবার দমদম ও ব্যারাকপুর এলাকায় আলাদা করে নজরদারির দায়িত্বে রাখা হয়েছে রাজীব কুমারকে। বারাসতের দায়িত্ব পেয়েছেন রথীন ঘোষ।কলকাতা উত্তরে দায়িত্বে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ ও স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার দায়িত্ব সামলাবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম।
পূর্ব মেদিনীপুরে দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ ও ঋজু দত্ত। পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে জুন মালিয়া ও দেবকে। হুগলির দায়িত্বে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় দায়িত্ব সামলাবেন পুলক রায়, অরূপ রায় ও কৈলাস মিশ্র। এছাড়া আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দায়িত্ব দেওয়া হয়েছে সামিরুল ইসলামকে। দক্ষিণ দিনাজপুরে থাকছেন জয়প্রকাশ মজুমদার এবং মালদহের দায়িত্বে রয়েছেন দোলা সেন।
দলীয় সূত্রের দাবি, কাউন্টিংয়ের সময় কোনও ধরনের বিভ্রান্তি বা বিশৃঙ্খলা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউন্টিং এজেন্টদেরও (TMC Counting Observers) স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ফলাফল সম্পূর্ণ ঘোষণা না হওয়া পর্যন্ত কাউন্টিং কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। উপরের নির্দেশ না আসা পর্যন্ত সবাইকে সেখানে থাকতে হবে।
অন্যদিকে, নির্বাচন কমিশনও গণনা কেন্দ্রগুলির নিরাপত্তা আরও কড়া করেছে। আগে যেখানে ৮৭টি গণনা কেন্দ্রে ভোট গণনার পরিকল্পনা ছিল, সেখানে এখন সেই সংখ্যা কমিয়ে ৭৭ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি ছোট কেন্দ্রকে বড় কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়েছে। অনেক জায়গায় আবার একটি কেন্দ্রেই একাধিক বিধানসভা আসনের গণনা চলবে।

আরও পড়ুনঃভোটে জিতলে মিছিল নয়! ভোট গণনার আগে কড়া নির্দেশ কমিশনের
সব গণনা কেন্দ্রেই থাকছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আগের তুলনায় বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর (TMC Counting Observers)।

