Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কুণালের চিঠির পরেই বড় পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর দফতর থেকে এল সুখবর

কুণালের চিঠির পরেই বড় পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর দফতর থেকে এল সুখবর

বাংলা হান্ট ডেস্ক : চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন বেলেঘাটার এক বাসিন্দা। সেই ঘটনায় এবার তাঁর পাশে দাঁড়াল মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। চিকিৎসার খরচ চালানোর জন্য মুখ্যমন্ত্রীর দফতরের কাছে সাহায্য চেয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর আবেদনের পর মাত্র একদিনের মধ্যেই আর্থিক সহায়তার আশ্বাস মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে।

কুনাল ঘোষের ডাকে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

জানা যাচ্ছে, গোপাল পোড়েল নামে ওই ব্যক্তি বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, এনআরএস হাসপাতালে গল ব্লাডারে পাথর অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়। অথচ ওই অঙ্গে কোনও সমস্যা ছিল না বলেই দাবি গোপালের।

অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ে। বিষয়টি কুণাল ঘোষের নজরে আসতেই, তার উদ্যোগে গোপালকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর গল ব্লাডারে থাকা পাথর অপসারণের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় একশো দিনের কর্মী গোপালের পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল খরচ বহন করা সম্ভব নয় বলে জানা যায়। তাই সরকারি সাহায্যের জন্য কুণালের কাছে আবেদন করেন তিনি।

উল্লেখ্য,‌বিষয়টি জানার পর বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানান এবং নবান্নে প্রয়োজনীয় চিঠি পাঠান কুণাল ঘোষ। সোমবার আবেদন পাঠানোর পর মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর দফতর থেকে ইতিবাচক বার্তা আসে। চিকিৎসার ব্যয় মেটাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গোপালের পরিবারের জন্য স্বস্তির খবর।

প্রসঙ্গত, রবিবার ঘটনাটি প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। গোপাল নিজে তাঁর সঙ্গে দেখা করে এনআরএস হাসপাতালের চিকিৎসা নিয়ে অভিযোগ জানান। পরে বিষয়টি সমাজমাধ্যমে তুলে ধরেন বিধায়ক।‌এই ঘটনা প্রসঙ্গে সমাজমাধ্যমে কুণাল ঘোষ লিখেছিলেন,'NRS হাসপাতালে মারাত্মক অভিযোগ। গল ব্লাডারে স্টোন অপারেশনের বদলে অ্যাপেনডিক্স অপারেশন, যেখানে সমস্যা ছিল না। অভিযোগকারী রোগী গোপাল পোড়েল। বেলেঘাটা কেন্দ্র। ওয়ার্ড ৩৫। এখন শরীরে জটিল অবস্থা। নিজে দেখা করতে এসে জানালেন।'

বেলেঘাটার বিধায়ক আরও জানান, রবিবারই গোপালকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে সেখানে গল ব্লাডারের পাথর অপসারণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোগীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজও নেন কুণাল।সোমবার সমাজমাধ্যমে কুণাল স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপ চেয়ে লেখেন, 'মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ, এনআরএসের ঘটনা নিয়ে যে অভিযোগ, অবিলম্বে ঠিকঠাক তদন্তের নির্দেশ দিন। ভুল অপারেশন হয়ে থাকলে, কারা করল, চিহ্নিত করুন।' এন আর এস এর ঘটনা কতটা ঠিক সেটা জানা যাবে তদন্তের পরই। তবে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt