বাংলা হান্ট ডেস্কঃ একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, অন্যজন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখানে কথা হচ্ছে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বুধবার বালুরঘাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক সভার পাশাপাশি বেশ কিছু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
তার ফাঁকেই সুকান্তর বাড়িতে মধ্যাহ্নভোজও সারবেন।
মেনুতে থাকবে বিশেষ চমক | (Suvendu Adhikari)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম বালুঘাটের সাংসদের বাড়ি যাচ্ছেন শুভেন্দু। সেই কারণে মেনুতেও বিশেষ চমক থাকবে। একথা সুকান্ত নিজেই জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীকে একটি স্থানীয় বিশেষ মাছও পরিবেশন করা হবে বলে জানিয়েছেন তিনি।
কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। মুখ্যমন্ত্রীও সেদিক থেকে ব্যতিক্রম নন। সেকথা মাথায় রেখে মধ্যাহ্নভোজের মেনুতে মাছের বেশি প্রাধান্য রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, এদিন মুখ্যমন্ত্রীর পাতে স্থানীয় রাইখোর বা রাইখয়রা মাছ পরিবেশন করা হবে। সেই সঙ্গেই ইলিশ মাছও থাকবে।
এক্ষেত্রে বলে রাখি, রাইখোর বা রাইখয়রা হল বাটা জাতীয় ছোট ও সুস্বাদু একটি মাছ। সাধারণত মিষ্টি জলেই এই মাছ হয়। তবে এই মাছের ঝোল, ঝাল নাকি অন্য কোনও পদ মুখ্যমন্ত্রীর পাতে পরিবেশন করা হবে সেটা জানাননি সুকান্ত।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বালুরঘাট যাচ্ছেন শুভেন্দু। সেই কারণে তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় সাংসদ সুকান্ত। সেই আমন্ত্রণ রক্ষা করতে আজ তাঁর বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, 'আর পাঁচটা বাড়িতে যেমন আত্মীয়-স্বজন যায়, এই বিষয়টাও সেই রকম।'
এদিকে আজ বালুরঘাটে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। বালুরঘাট লোকসভা কেন্দ্র ও দক্ষিণ দিনাজপুর জেলায় যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে কিংবা অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেই নিয়ে একটি রিভিউ মিটিং হবে। সেখানে যোগ দেবেন তিনি।

