বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর রথযাত্রায় (Rath Yatra 2026) পুরীতে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। ওড়িশা তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন। সেই ভিড় সামাল দিতে এবার আগে থেকেই তৎপর ভারতীয় রেল (Indian Railways)। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রথ উপলক্ষ্যে ৩০০-রও বেশি স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
সেই সঙ্গেই পুরী স্টেশনে যাত্রীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।
৩০০-র বেশি রথ স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেল | (Indian Railways)
আগামী ১৬ জুলাই রথযাত্রা। প্রত্যেক বছর এই সময়টা ওড়িশায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। ট্রেন, রেল স্টেশনগুলিতে থিকথিক করে ভিড়। পুরী যাওয়া ও পুরী থেকে ফেরার ট্রেন পাওয়া রীতিমতো দুঃসাধ্য হয়ে ওঠে। এই পরিস্থিতি সামাল দিতে এবার আগেভাগেই ময়দানে নেমে পড়েছে রেল কর্তৃপক্ষ।
সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষ্যে এবার ৩০০-রও বেশি রথ স্পেশ্যাল ট্রেন চালানো হবে। নিয়মিত ৮০০-রও বেশি যে ট্রেনগুলি চলে সেগুলি চলবে। এর পাশাপাশি অতিরিক্ত হিসেবে এই ট্রেনগুলি চালানো হবে।
সংবাদমাধ্যমের কাছে অশ্বিনী বৈষ্ণব বলেন, আসন্ন রথে যাতে পুণ্যার্থীদের যাতায়াত সুষ্ঠুভাবে হয় ও নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করা যায়, সেই লক্ষ্যে রেলের প্রস্তুতি পর্যালোচনা করবেন তিনি নিজে। এছাড়া এবার পুরী স্টেশনে ৩০ হাজার যাত্রীর জন্য একটি অস্থায়ী ব্যবস্থা করা হবে। অস্থায়ী ওয়েটিং রুম, টিকিট কাউন্টারের সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। সেই সঙ্গেই খাবার যাতে পাওয়া যায় তা নিশ্চিত করা, সুরক্ষা ও যাত্রী সুবিধা বাড়ানোর দিকেও নজর রয়েছে রেলের।

রথ আসলেই পুরী ছুটে যান অনেকে। ভক্তদের সমাগমে ভরে ওঠে চারপাশ। এবার সেই ভিড় সামাল দিতেই ৩০০-র বেশি রথ স্পেশ্যাল ট্রেন চালানো পরিকল্পনা করেছে ভারতীয় রেল। এতে পুণ্যার্থীদের অনেকখানি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

