উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা (Voter List Name Removal 2026) থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম।
তবে নাম বাদ পড়ার নিরিখে পশ্চিমবঙ্গকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। অন্যদিকে, চূড়ান্ত তালিকায় উত্তরপ্রদেশ সবাইকে ছাপিয়ে শীর্ষস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যওয়াড়ি ভোটার হ্রাসের চিত্র:
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে (West Bengal) এসআইআর শুরুর আগে ভোটার সংখ্যা ছিল ৭.৬৬ কোটি। সংশোধনের পর তা কমে দাঁড়িয়েছে ৬.৭৭ কোটিতে। অর্থাৎ তালিকায় বড়সড়ো রদবদল ঘটেছে। অন্যদিকে, বিধানসভা ভোটমুখী তামিলনাড়ুতে (Tamil Nadu) বাদ পড়েছে ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম। সেখানে ৬.৪১ কোটি ভোটারের সংখ্যা কমে হয়েছে ৫.৬৭ কোটি।
তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ:
১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চললেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। শুধুমাত্র খসড়া তালিকাতেই যোগীরাজ্যে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য রাজ্যের হালহকিকত:
গুজরাট থেকে বাদ পড়েছে প্রায় ৭৭.৯৫ লক্ষ নাম, যার ফলে ৫.০৮ কোটি ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪.৪০ কোটিতে। একইভাবে মধ্যপ্রদেশে ৩৪.২৫ লক্ষ, রাজস্থানে ৩১.৩৬ লক্ষ এবং ছত্তিশগড়ে ২৪.৯৯ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। কেরলেও ৮.৯৭ লক্ষ নাম বাদ পড়েছে।
ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল:
গোয়া থেকে ১.২৭ লক্ষ এবং পুদুচেরিতে ১.০৩ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি আন্দামান-নিকোবর (৫২ হাজার) এবং লক্ষদ্বীপেও নাম বাদ পড়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের দাবি, মৃত ভোটার, অবৈধ প্রবেশকারী এবং দ্বৈত ভোটারদের চিহ্নিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছিল। তবে ভোটের মুখে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে।

