Dailyhunt
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে হার্দিকের জায়গা কি অনিশ্চিত বিসিসিআইয়ের কড়া শর্তে জল্পনা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে হার্দিকের জায়গা কি অনিশ্চিত বিসিসিআইয়ের কড়া শর্তে জল্পনা

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আসন্ন এই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। তবে এই তালিকায় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।

সূত্রের খবর, হার্দিকের সামনে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

জানা গেছে, বিশ্বকাপের মূল দলে জায়গা ধরে রাখতে হলে হার্দিক পান্ডিয়াকে বোলিংয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে, তাকে নিয়মিত ১০ ওভার বোলিং করার সক্ষমতা অর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিটনেস সমস্যার কারণে গত কয়েক বছরে হার্দিককে প্রায়ই বোলিং থেকে বিরত থাকতে দেখা গেছে, যা দলের ভারসাম্য রক্ষায় সমস্যার সৃষ্টি করছে। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে বোলিংয়ের ওপর অতিরিক্ত পরিশ্রম করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা, হার্দিক যদি পূর্ণ কোটায় ১০ ওভার বোলিং করতে ব্যর্থ হন, তবে বিশ্বকাপের দল থেকে তিনি বাদ পড়তে পারেন। নির্বাচকরা চাইছেন দলের অলরাউন্ডাররা যেন কেবল ব্যাটিং নয়, বোলিং বিভাগেও সমান অবদান রাখেন। ২০২৭ সালের পরিকল্পনা বাস্তবায়নে ফিটনেস এবং বোলিং দক্ষতার ওপর কোনো আপস করতে রাজি নয় বোর্ড। ফলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ এখন তার বোলিং পারফরম্যান্স এবং শারীরিক সক্ষমতার ওপরই নির্ভর করছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta