Dailyhunt
২৯৩ আসনে ৪৩২ পর্যবেক্ষক! সোমবারের মহাযুদ্ধের আগে কাউন্টিং অবজার্ভারদের তালিকা প্রকাশ কমিশনের

২৯৩ আসনে ৪৩২ পর্যবেক্ষক! সোমবারের মহাযুদ্ধের আগে কাউন্টিং অবজার্ভারদের তালিকা প্রকাশ কমিশনের

গামীকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের বহু প্রতীক্ষিত ভোট গণনা। ফলতা বাদে রাজ্যের ২৯৩টি আসনের ফলাফল নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখতে বিপুল সংখ্যক কাউন্টিং অবজার্ভার বা গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনের জন্য মোট ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে, যারা পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত করতে সহায়তা করবেন।

জেলাওয়ারি পর্যবেক্ষক নিয়োগের চিত্র

কমিশনের তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রের জন্য সর্বোচ্চ ৪৯ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৩১টি আসনের জন্য থাকছেন ৪৫ জন পর্যবেক্ষক। মুর্শিদাবাদ জেলার ২২টি আসনের জন্য ৩৩ জন এবং কলকাতার ১১টি আসনের (উত্তর ও দক্ষিণ মিলিয়ে) জন্য ১২ জন পর্যবেক্ষক দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে কম ৫টি আসনের জন্য ৬ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

নিরাপত্তা ও কঠোর বিধি-নিষেধ

গণনা প্রক্রিয়ায় নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিশন ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করেছে। তবে স্পষ্ট জানানো হয়েছে, এই পুলিশ পর্যবেক্ষকরা কোনোভাবেই গণনাকক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না; তাঁরা কেবল বাইরের নিরাপত্তা তদারকি করবেন। এছাড়া গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কিউআর কোড যুক্ত আই-কার্ড বাধ্যতামূলক করা হয়েছে এবং কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিশ্ছিদ্র নজরদারির মূল লক্ষ্য হলো কোনো প্রকার কারচুপি ছাড়াই জনগণের রায় সঠিকভাবে তুলে ধরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta