এসআইআর সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু হতেই বড়সড় হোঁচট খেল কলকাতা হাইকোর্ট প্রশাসন। ১৯ জন বিচারপতির তালিকায় থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন ব্যক্তিগত কারণ দর্শিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। হাইকোর্ট প্রশাসনকে চিঠি লিখে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।
তাঁর এই সিদ্ধান্তের ফলে বর্তমানে ট্রাইব্যুনাল সদস্যের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮-তে।
মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা প্রাক্তন বিচারপতি তপেন সেন তাঁর চিঠিতে জানিয়েছেন, বার্ধক্যজনিত শারীরিক সমস্যা এবং পরিকাঠামোগত প্রতিকূলতার কারণে ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়। পূর্ব মেদিনীপুর জেলার ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রস্থানে এখন ওই শূন্যপদে বিকল্প কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির সন্ধান শুরু করেছে হাইকোর্ট প্রশাসন।
উল্লেখ্য, ২৩টি জেলার বিচারাধীন ও এসআইআর তালিকাভুক্ত আবেদনকারীদের সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ১৯টি ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল। তালিকায় প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম থেকে শুরু করে রঞ্জিতকুমার বাগ ও সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বরা রয়েছেন। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর যেখানে ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার কথা, সেখানে বিচারপতির পদত্যাগে ট্রাইব্যুনাল গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

