Dailyhunt
অস্কারের মঞ্চে ব্রাত্য ধর্মেন্দ্র: সমালোচনার মুখে ড্যামেজ কন্ট্রোলে অ্যাকাডেমি কর্তৃপক্ষ - বার্তা.in

অস্কারের মঞ্চে ব্রাত্য ধর্মেন্দ্র: সমালোচনার মুখে ড্যামেজ কন্ট্রোলে অ্যাকাডেমি কর্তৃপক্ষ - বার্তা.in

News Desk:

৯৮তম অস্কারের 'ইন মেমোরিয়াম' বিভাগে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর নাম না থাকায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। গত বছর চিরবিদায় নেওয়া এই মহীরুহকে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) সম্মান জানালেও, অ্যাকাডেমি পুরস্কারের মূল অনুষ্ঠানে তাঁকে ব্রাত্য রাখা হয়।

শশী কাপুর বা শ্রীদেবীর মতো ভারতীয় তারকাদের অতীতে স্মরণ করা হলেও, ধর্মেন্দ্রর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতার অনুপস্থিতি মেনে নিতে পারেননি সিনেপ্রেমীরা।

মূল অনুষ্ঠানের লাইভ সম্প্রচারে 'হি ম্যান'-এর নাম বাদ পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দেন ভক্তরা। ভারতীয় সিনেমার প্রতি অস্কার কর্তৃপক্ষের এই উদাসীনতা নিয়ে প্রশ্ন ওঠে। 'শোলে' বা 'চুপকে চুপকে'-র মতো কাল্ট ক্লাসিক উপহার দেওয়া অভিনেতাকে বিস্মৃতির অন্তরালে ঠেলে দেওয়ায় নেটিজেনদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকরাও সরব হন।

চাপে পড়ে তড়িঘড়ি 'ড্যামেজ কন্ট্রোল'-এ নামে অস্কার কর্তৃপক্ষ। মূল মঞ্চে নাম না থাকলেও, পরবর্তীতে অ্যাকাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে 'ইন মেমোরিয়াম' বিভাগে ধর্মেন্দ্র ও মনোজ কুমারের নাম অন্তর্ভুক্ত করা হয়। রবার্ট রেডফোর্ড বা ডায়ান কিটনদের পাশাপাশি ওয়েবসাইটে স্থান পেলেও, মূল আয়োজনে ভারতীয় আইকনদের অবহেলা করার খতিয়ান মুছতে পারেনি এই পদক্ষেপ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta