আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাম কাটার ইস্যু ও বিরোধী দলগুলোর কৌশলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোটের সময় কংগ্রেস এবং বিজেপি সাধারণ মানুষকে নগদ অর্থ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে এবং পরে নানা প্রতিশ্রুতি দিয়ে ভাঁওতা দেয়।
যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি এখনই স্থানীয় দলীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করার নির্দেশ দিয়েছেন।
তৃণমূল নেত্রীর মতে, এই মুহূর্তে মিটিং-মিছিলের চেয়েও ভোটার তালিকায় নাম তোলা এবং বাংলাকে বাঁচানোই তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি সাফ জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি রাস্তায় নেমে লড়াই করবেন এবং প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ নিশ্চিত করবেন। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসই রয়েছে এবং তাঁর ওপর যেন সকলে আস্থা রাখেন।
বক্তব্যের শেষে এক অভিনব দাওয়াই দিয়ে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, "বাড়িতে ঝাড়ু রয়েছে তো?" ভোটার তালিকায় নাম তোলার কাজে বা সাধারণ মানুষের অধিকারে কেউ বাধা সৃষ্টি করলে সেই বাধা উপড়ে ফেলার এবং রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। বিরোধীদের রাজনৈতিক আক্রমণ প্রতিহত করতে এই 'ঝাড়ু' দাওয়াই এখন রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

