ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে শনিবার চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড বা নিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লির নির্বাচন সদন থেকে সরাসরি এই কড়া বার্তা পাঠানো হয়েছে রাজ্য প্রশাসনের কাছে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সাসপেন্ড হওয়া আধিকারিকদের তালিকায় রয়েছেন ডিসি (সাউথ-২), আলিপুর থানার ওসি, অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্ট। গত সপ্তাহে ওই এলাকায় নির্বাচনী প্রচার চলাকালীন দুই রাজনৈতিক শিবিরের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, যা নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা নিতে পারেনি বলে অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখার পরেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
শুধুমাত্র সাময়িক বরখাস্ত নয়, ওই চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চলাকালীন নিরাপত্তায় কোনও প্রকার আপস বরদাস্ত করা হবে না বলে সাফ জানানো হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

