ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার জেরে কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী জনসভায় নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং গোলমালের অভিযোগে মোট চারজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড বা নিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দিল্লির নির্বাচন সদন থেকে এই সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করা হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাসপেন্ড হওয়া আধিকারিকদের তালিকায় রয়েছেন ডিসি (২-দক্ষিণ শাখা), আলিপুর থানার ওসি, অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্ট। নির্বাচনের আগে হাই-প্রোফাইল নেতা ও মন্ত্রীদের নিরাপত্তায় গাফিলতি এবং আইন-শৃঙ্খলার অবনতির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে কমিশন। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
ভোটের আবহে এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকাকালীন পুলিশের কর্তব্যে কোনো প্রকার শিথিলতা বরদাস্ত করা হবে না, তা এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট করে দিল কমিশন। সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা প্রশমন এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে খবর।

