মহারাষ্ট্রের নান্দেড় ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের এক নজিরবিহীন মামলা সামনে এসেছে যা শুনে থমকে গিয়েছেন বিচারক থেকে আইনজীবী সকলেই। বিচ্ছেদের বিনিময়ে স্বামীর কাছে খোরপোশ বা টাকা নয়, বরং এক অদ্ভুত শর্ত রেখেছেন স্ত্রী। স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার আগে আরও একবার মা হতে চেয়েছেন ওই মহিলা।
আদালতের কাছে তাঁর আবেদন, বিচ্ছেদের আগে তিনি যেন স্বামীর মাধ্যমে পুনরায় গর্ভধারণের অনুমতি পান।
দম্পতি পেশায় চিকিৎসক এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। মহিলা জানিয়েছেন, তিনি চান তাঁর বড় সন্তান যেন একা না থাকে এবং ভাই বা বোনের সাহচর্য পায়। তবে এই গর্ভধারণ শারীরিক সম্পর্কের মাধ্যমে নয়, বরং আইভিএফ (IVF) প্রযুক্তির সাহায্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্বামীর শুক্রাণু ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে মা হবেন ওই মহিলা।
আদালত মানবিক দিক বিবেচনা করে মহিলার এই বিশেষ দাবি মঞ্জুর করেছে। তবে বিচারক স্পষ্ট জানিয়েছেন, আইভিএফ প্রক্রিয়ার যাবতীয় খরচ মহিলাকেই বহন করতে হবে এবং দ্বিতীয় সন্তানের ভবিষ্যতের দায়িত্বও তাঁর। স্বামীও এই শর্তে রাজি হওয়ায় আইনি জট কেটেছে। সন্তান জন্মের পরেই তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। অভিনব এই ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

