Dailyhunt
বিয়ের মণ্ডপেই প্রেমিকের ওপর চরম প্রতিশোধ প্রেমিকার, কনের চুল কেটে চোখে ঢেলে দিলেন ফেভিকুইক

বিয়ের মণ্ডপেই প্রেমিকের ওপর চরম প্রতিশোধ প্রেমিকার, কনের চুল কেটে চোখে ঢেলে দিলেন ফেভিকুইক

বিহারের নালন্দা জেলায় এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রেমিকের অন্যত্র বিয়ে মেনে নিতে না পেরে রাগে ও প্রতিহিংসায় অন্ধ হয়ে নববধূর ওপর বর্বরোচিত হামলা চালালেন এক তরুণী। প্রেমিকের বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে ওই তরুণী প্রথমে কনের চুল কেটে দেন এবং পরবর্তীতে তাঁর চোখে আঠালো তরল 'ফেভিকুইক' ঢেলে দেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার গভীর রাতে বিহারের মোরা তালাব গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণীটি বরের বোনের বান্ধবী হওয়ার সুবাদে খুব সহজেই বাড়িতে প্রবেশ করেছিলেন। বিয়ের পর বাড়ির লোকজন যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, সেই সুযোগেই নববধূর ঘরে ঢুকে তিনি এই হামলা চালান। কনের আর্তচিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠলে অভিযুক্ত তরুণী পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন এবং রাতভর আটকে রেখে মারধর করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

বর্তমানে আক্রান্ত নববধূ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের আশঙ্কা, রাসায়নিক আঠার প্রভাবে ওই তরুণী চিরতরে তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারেন। এই ঘটনার পর থেকে গ্রামজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও প্রেমিক গোপাল রাম অন্য মেয়েকে বিয়ে করায় চরম প্রতিহিংসা থেকে এই অপরাধ ঘটিয়েছেন ওই তরুণী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta