গরমের ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করছেন? যাত্রীদের ভিড় সামলাতে এবং সফর আরও আরামদায়ক করতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি রুটে বিশেষ 'সামার স্পেশ্যাল' ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার ০৩১২৯/০৩১৩০ কলকাতা-নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশ্যাল ট্রেনটি চালানো হবে।
আপ ও ডাউন মিলিয়ে ট্রেনটি মোট ১০টি ট্রিপ দেবে, যা পর্যটকদের জন্য এক বড় প্রাপ্তি।
রেলের সময়সূচি অনুযায়ী, ১৬ মে থেকে প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এবং পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এনজেপি পৌঁছাবে। ফিরতি পথে এনজেপি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে ট্রেনটি কলকাতায় ফিরবে রাত ১২টা ৪০ মিনিটে। যাত্রাপথে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন এবং কিশনগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ট্রেনটি স্টপেজ দেবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ট্রেনের ভাড়া। স্লিপার ক্লাসে মাত্র ৪৪৫ টাকায় এনজেপি যাওয়ার টিকিট মিলছে। এ ছাড়া এসি থ্রি টায়ারের ভাড়া ১১৮৫ টাকা এবং এসি টু টায়ারের জন্য ১৬৭৫ টাকা ধার্য করা হয়েছে। বর্তমানে ১৬ মের যাত্রায় স্লিপার ক্লাসে প্রায় ২৯৩টি আসন ফাঁকা রয়েছে। যারা এখনও টিকিট পাননি, তারা দ্রুত বুকিং সেরে উত্তরবঙ্গের শীতল আমেজ উপভোগ করতে পারেন।

