Dailyhunt
ডোমজুড়ে ভোটার তালিকা থেকে বাদ ১৫০ মতুয়া ভোটার, নাগরিকত্ব হারানোর আতঙ্কে সরব জগদীশপুর

ডোমজুড়ে ভোটার তালিকা থেকে বাদ ১৫০ মতুয়া ভোটার, নাগরিকত্ব হারানোর আতঙ্কে সরব জগদীশপুর

হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুরে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ পড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার অতিরিক্ত অংশে প্রায় ১৫০ জন ভোটারের নাম নেই বলে অভিযোগ। প্রায় ৯০০ জন মতুয়া ভোটারের মধ্যে অনেকের নাম শুনানির পর অন্তর্ভুক্ত হলেও একটি বড় অংশ বাদ পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নাগরিকত্ব হারানো ও প্রশাসনিক হয়রানির গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, তারা ১৯৯৫ সাল থেকে নিয়মিত ভোট প্রদান করছেন এবং তাঁদের কাছে প্রয়োজনীয় সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। তা সত্ত্বেও এনআরসি বা ডি-ভোটারের মতো স্পর্শকাতর ইস্যু তুলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্বপন শিকদার ও পুষ্প রায়ের মতো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর প্রশ্ন, যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মতুয়ামহল্লায় রাজনৈতিক অস্থিরতাও তুঙ্গে। স্থানীয়দের একাংশের দাবি, বর্তমান সরকার তাঁদের পাট্টা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিলেও নাগরিকত্ব ইস্যুতে বারবার তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী সব সময় মতুয়াদের পাশে আছেন এবং এই বঞ্চনার বিরুদ্ধে তাঁরা সরব হবেন। বর্তমানে নিজেদের অধিকার ও ভোটাধিকার ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আশায় দিন গুনছেন জগদীশপুরের কয়েকশো মতুয়া পরিবার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta