মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ইরান যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল দুবাইয়ের ঝকঝকে আবাসন শিল্পে। দীর্ঘ সময় আকাশছোঁয়া চাহিদার পর বর্তমানে দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে বড়সড় ধস নেমেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্রেতাদের আকৃষ্ট করতে বিল্ডাররা এখন ফ্ল্যাট বা ভিলার সঙ্গে দামী লাক্সারি গাড়িও উপহার হিসেবে দিচ্ছেন।
মূলত এন্ট্রি-লেভেল প্রপার্টির ক্ষেত্রে গত এক বছরে প্রায় ৪০ শতাংশ চাহিদা কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১০ থেকে ২৫ লক্ষ দিরহাম মূল্যের বাড়ির বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে ক্রেতারা সরাসরি ১৫ শতাংশ পর্যন্ত দরদাম করছেন। যদিও নথিবদ্ধ তথ্যে মার্চ মাসে লেনদেন ভালো দেখাচ্ছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি মূলত আগের বকেয়া চুক্তির ফলাফল। বাস্তবে মার্চ মাসে নতুন বিক্রির পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমেছে। বাজার সচল রাখতে ডাম্যাকের মতো নামী সংস্থাগুলো এখন রেজিস্ট্রেশন ফি মকুবের পাশাপাশি নিসান পেট্রোল নিস্মোর মতো দামী গাড়ি বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে।
আবাসন বিশেষজ্ঞদের মতে, আগামী ৬ থেকে ৯ মাস দুবাইয়ের প্রপার্টি মার্কেটে বড়সড় কারেকশন বা দর সংশোধন হতে পারে। সেকেন্ডারি মার্কেটে দাম ১৮ শতাংশ এবং অফ-প্ল্যান মার্কেটে ১২ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। মন্দার মোকাবিলায় বিল্ডাররা পেমেন্ট প্ল্যানেও ব্যাপক ছাড় দিচ্ছেন। নগদ অর্থে বাড়ি কিনলে ২০ শতাংশ পর্যন্ত নগদ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আগামী দুই বছর দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে আগ্রাসী বৃদ্ধির বদলে স্থিতিশীলতা বজায় থাকবে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।

