Dailyhunt
এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় বদল আনল কেন্দ্র, গ্রাহকদের জন্য জরুরি নির্দেশিকা

এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় বদল আনল কেন্দ্র, গ্রাহকদের জন্য জরুরি নির্দেশিকা

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এলপিজি সিলিন্ডার ব্যবহার, বিতরণ ও বুকিং সংক্রান্ত নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়ের ব্যবধানে বদল আনা হয়েছে। শহরাঞ্চলের গ্রাহকদের ক্ষেত্রে দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের জন্য এখন ২৫ দিন এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের ৪৫ দিন অপেক্ষা করতে হবে।

এছাড়া, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও আপাতত স্বস্তিতে রয়েছেন সাধারণ গৃহস্থালী গ্রাহকরা। তবে ৫ কেজি ওজনের ছোট সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়তে পারে।

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বা সাবসিডির অপব্যবহার রুখতে সরকার এখন বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ বা ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। গ্রাহকরা সংশ্লিষ্ট তেল সংস্থার মোবাইল অ্যাপ 'Aadhaar Face RD'-এর মাধ্যমে ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি করাবেন না, তাদের গ্যাস বুকিং বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পিএনজি সুবিধাযুক্ত এলাকায় বসবাসকারী গ্রাহকদের জন্য ২৪ জুনের মধ্যে সংযোগ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় তাদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণে সিলিন্ডারের মূল্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া অবৈধভাবে সিলিন্ডার মজুত রাখার বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে বছরে অন্তত একবার এই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ এবং সিলিন্ডার পরিবহনের চাপ কমাতে সরকারের এই নতুন পদক্ষেপগুলো গ্রাহকদের সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়মগুলো না জানলে ভবিষ্যতে সিলিন্ডার সংগ্রহে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta