ভ্রমণে গিয়ে হোটেলের রুমে ঢুকলেই যে বিষয়টি সবার আগে নজর কাড়ে, তা হলো ধবধবে সাদা বিছানা। সাধারণ লজ হোক বা পাঁচতারা হোটেল, সর্বত্রই বিছানার চাদর হিসেবে সাদা রঙের প্রাধান্য দেখা যায়। এর পেছনে মূলত মনস্তাত্ত্বিক ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাদা রঙ পবিত্রতা ও শান্তির প্রতীক, যা পর্যটকদের চোখের আরাম দেওয়ার পাশাপাশি মনের ক্লান্তি দূর করে গভীর ঘুমে সহায়তা করে।
সাদা চাদর ব্যবহারের অন্যতম প্রধান কারণ হলো পরিচ্ছন্নতা বা হাইজিন। হালকা রঙের চাদরে সামান্য দাগ লাগলেও তা সহজে হোটেল কর্মীদের নজরে পড়ে, ফলে নোংরা চাদর ব্যবহারের ঝুঁকি থাকে না। এছাড়া রঙিন কাপড়ের তুলনায় সাদা চাদর ধোয়া অনেক বেশি সুবিধাজনক। এটি আলাদাভাবে ব্লিচ করা যায়, যার ফলে জেদি দাগ দূর হওয়ার পাশাপাশি কাপড়ের জীবাণুও পুরোপুরি ধ্বংস হয়। হোটেলের তোয়ালে এবং অন্যান্য কাপড়ও সাদা হওয়ায় সব একসাথে পরিষ্কার করা সহজ হয়।
ঐতিহাসিকভাবে জানা যায়, নব্বইয়ের দশকের আগে হোটেলগুলোতে রঙিন চাদরের চল ছিল। তবে ১৯৯০ সালে 'ওয়েস্টিন' হোটেলের ডিজাইনারদের একটি গবেষণায় দেখা যায়, অতিথিরা সাদা বিছানাকে বেশি বিলাসবহুল এবং স্বাস্থ্যসম্মত মনে করেন। সেই থেকে বিশ্বজুড়ে হোটেল ব্যবসায় সাদা চাদর ব্যবহারের এই আধুনিক প্রথা শুরু হয়, যা আজও আভিজাত্য ও পরিচ্ছন্নতার মানদণ্ড হিসেবে বিবেচিত।

