কলকাতা মেট্রোর ব্লু লাইনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুর ১টা ৬ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনের আপ লাইনে এক যাত্রী ঝাঁপ দেন বলে অভিযোগ। এই ঘটনার পরপরই নিরাপত্তার খাতিরে এবং উদ্ধারকার্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
সপ্তাহান্তের ব্যস্ত সময়ে হঠাৎ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।
এই পরিস্থিতির মোকাবিলায় মেট্রো কর্তৃপক্ষ দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। ঘটনার সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত খণ্ডিত পরিষেবা জারি রাখা হয়। তবে কালীঘাট ও সংলগ্ন স্টেশনগুলোতে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। উদ্ধারকাজ শেষে লাইনের বিদ্যুৎ সংযোগ পুনরায় পরীক্ষা করা হয় যাতে ট্রেন চলাচলে কোনো ঝুঁকি না থাকে।
অবশেষে দুপুর ১টা ২৯ মিনিট থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ, প্রায় ২৩ মিনিট পর পর পরিষেবা স্বাভাবিক হওয়ার বার্তা মেলায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলেও, বারবার মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার মতো ঘটনায় যাত্রীদের নিরাপত্তা এবং সচেতনতা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

