হরিয়ানার কারনাল জেলা নাগরিক হাসপাতালে এক অভাবনীয় ও অত্যন্ত বিরল অস্ত্রোপচারের মাধ্যমে স্বস্তি পেলেন ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ। হৃদরোগে আক্রান্ত রণ সিং নামের ওই ব্যক্তি গত দু'বছর ধরে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টের কারণে তিনি হাঁপানির ওষুধ ব্যবহার করলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের পরীক্ষায় নাকে পাথরের অস্তিত্ব ধরা পড়ে।
সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, রণ সিংয়ের নাক থেকে গলা পর্যন্ত একাধিক পাথর জমে রয়েছে।
সাধারণত হৃদরোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকদের জন্য এটি ছিল বড় চ্যালেঞ্জ। রোগীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জেনারেল অ্যানেস্থেশিয়া না দিয়ে শুধুমাত্র লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে এই জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। নাক থেকে মোট তিনটি পাথর উদ্ধার করেছেন ইএনটি বিশেষজ্ঞ ডঃ জয়বর্ধন, যার মধ্যে সবথেকে বড়টির আকার ছিল ৯ মিলিমিটার। এছাড়া বাকি দুটি পাথরের মাপ ছিল ২.৮ মিলিমিটার ও ৫.৮ মিলিমিটার।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় ধুলোবালি বা দূষিত পরিবেশে কাজ করলে নাকে সূক্ষ্ম ধূলিকণা জমতে থাকে। বছরের পর বছর ধরে সেই কণাগুলোই শক্ত হয়ে পাথরের রূপ নিতে পারে। ডঃ জয়বর্ধন জানান, তাঁর দীর্ঘ কর্মজীবনে নাকে পাথর জমার এমন ঘটনা সচরাচর দেখা যায়নি। বর্তমানে রণ সিং পুরোপুরি সুস্থ এবং তাঁর শ্বাসকষ্টের সমস্যাও মিটেছে। চিকিৎসকদের এই কৃতিত্বে জেলাজুড়ে ব্যাপক প্রশংসা শুরু হয়েছে।

