আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে। রাজ্যের অধিকাংশ আসনে শাসকদল ও বিজেপির বিরুদ্ধে বামেদের কড়া অবস্থান থাকলেও, পানিহাটি কেন্দ্রে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল সিপিএম নেতা শতরূপ ঘোষের গলায়। আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ায় তাঁর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেছে বাম শিবির।
শতরূপ সাফ জানিয়েছেন, রাজ্যের ২৯৩টি আসনে বিজেপির তীব্র বিরোধিতা করলেও পানিহাটিতে তারা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো কটু কথা বলবেন না।
বাম প্রার্থী কলতান দাশগুপ্তের সমর্থনে প্রচার সভায় এসে শতরূপ ঘোষ বলেন, "যিনি এখানে বিজেপি প্রার্থী হয়েছেন, তিনি সন্তানহারা এক মা। তাঁর মানসিক যন্ত্রণা আমরা সবাই বুঝি। পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে আমরা বিজেপির বিরোধিতা করব, কিন্তু পানিহাটিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই।" তিনি আরও যোগ করেন যে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া তাঁর ব্যক্তিগত অধিকার এবং বামেরা সেই সিদ্ধান্তকে সম্মান জানায়।
তবে আবেগের পাশাপাশি শতরূপ কিছু রাজনৈতিক প্রশ্নও ছুড়ে দিয়েছেন। তাঁর মতে, দেড় বছর কেটে গেলেও সিবিআই কেন তদন্ত শেষ করতে পারল না, সেই প্রশ্ন তোলা জরুরি। নির্যাতিতার মা বিচার পাওয়ার আশায় বিজেপিতে যোগ দিলেও, কামদুনি বা ধূপগুড়ির উদাহরণ টেনে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। শতরূপ মনে করিয়ে দেন, এই আন্দোলনের জন্য কলতান দাশগুপ্তকে জেলেও যেতে হয়েছে। পানিহাটির লড়াইয়ে বিজেপি প্রার্থীর প্রতি শ্রদ্ধা বজায় রেখেও বামেরা বিচারের দাবিতে অনড় থাকার বার্তা দিয়েছে।

