রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে গত ২৯ এপ্রিলের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিল নির্বাচন কমিশন। শনিবার রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ফলতার সমস্ত ২৮৫টি বুথেই আগামী ২১ মে ফের ভোটগ্রহণ হবে।
ফলে ৪ মে রাজ্যের বাকি ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হলেও, ঝুলে থাকবে ফলতার ভাগ্য।
কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত?
কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটের দিন ফলতার বিভিন্ন বুথে ইভিএম (EVM) মেশিনের বোতামে কালো টেপ লাগিয়ে দেওয়া, ভোটারদের ভয় দেখানো এবং ভোটদানের প্রক্রিয়ায় চরম অনিয়মের ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছিল। বিশেষ পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে কমিশন নিশ্চিত হয়েছে যে, গত ২৯ এপ্রিল ফলতায় গণতান্ত্রিক পদ্ধতি সঠিকভাবে পালিত হয়নি। ইভিএম কারচুপির প্রমাণ মেলাতেই পুরো কেন্দ্রের ভোট বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিল কমিশন।
নতুন সূচি ও গণনার দিন
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন:
- ২১ মে (বৃহস্পতিবার): ফলতা বিধানসভার ২৮৫টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে।
- সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
- ২৪ মে (রবিবার): এই কেন্দ্রের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।
৪ মে ঝুলে থাকবে ২৯৩ আসনের ফল
আগামী সোমবার, ৪ মে রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোট গণনা হবে এবং ট্রেন্ড প্রকাশিত হবে। যদি তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই খুব হাড্ডাহাড্ডি হয় এবং ম্যাজিক ফিগারের জন্য একটি আসনের প্রয়োজন পড়ে, তবে সরকার গঠন নিয়ে আইনি ও সাংবিধানিক জটিলতা বাড়তে পারে। সেক্ষেত্রে ফলতার ২৪ মে-র ফলাফলই নির্ধারণ করে দিতে পারে বাংলার মসনদে শেষ পর্যন্ত কে বসবেন।
নিরাপত্তা ও তদারকি
ফলতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার কয়েক গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে কমিশন। এলাকাটি বর্তমানে পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার কড়া নজরদারিতে রয়েছে। অশান্তি রুখতে হাসিমপুর-সহ সংলগ্ন এলাকাগুলোতে ইতিমধ্যেই রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রার্থী ও এজেন্টদের গতিবিধির ওপরও কড়া নজর রাখা হচ্ছে।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।
The post ফলতায় মহাপ্রলয়! ৪ মে নয়, ২১ মে ফের ভোট গোটা বিধানসভায়, নজিরবিহীন ঘোষণা কমিশনের appeared first on বার্তা.in.

